পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের মিস্ত্রিপাড়া মহল্লায় রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে গতকাল সোমবার এক পক্ষের হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিস্ত্রিপাড়ার বাসিন্দা বিধান চন্দ্র রায়ের (৫৫) পৈতৃক জমির পাশে রেলওয়ের ৩০ শতক জমির একটি পুকুর আছে। বিধান চন্দ্র রায় মাছ চাষের জন্য ওই জলাশয়টি চলতি অর্থবছরে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ থেকে পাঁচ বছরের জন্য ইজারা নিয়েছেন। কিন্তু সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য কার্তিক চন্দ্র রায় জলাশয়টি তাঁর দখলে রয়েছে বলে দাবি করেন। এ অবস্থায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের লোকজন ওই জলাশয়টি বিধান চন্দ্র রায়কে বুঝিয়ে দিতে গতকাল সোমবার সরেজমিনে যান। এ সময় কার্তিক চন্দ্র রায়ের লোকজন বিধান চন্দ্র রায়ের লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বিধান চন্দ্র রায়, তাঁর ছেলে দেবু রায় (৩২) ও তাপস রায় (২৪) এবং কার্তিক চন্দ্রের পক্ষের নিপু রায় (২৪), কনক রায় (২০) ও নিতু রায় (১৭) আহত হন। তাঁদের সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।