পুকুর ভরাট করবে জেলা পরিষদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শহরের মাওলাগঞ্জ বাজার এলাকার এ পুকুরটি ভরাট করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। ছবিটি সম্প্রতি তোলা l ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শহরের মাওলাগঞ্জ বাজার এলাকার এ পুকুরটি ভরাট করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। ছবিটি সম্প্রতি তোলা l ছবি: প্রথম আলো

পরিবেশ আইন লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৯৭ শতক জমিতে থাকা একটি পুকুর ভরাট করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এর মধ্যে ৩৪ শতকে জেলা পরিষদের মিলনায়তন এবং ৫১ শতকে মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ করা হবে। জেলা পরিষদের মিলনায়তন নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে সরকারের আরেকটি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬-এর ঙ ধারায় উল্লেখ করা হয়েছে, আপাতত বলবৎ অন্য আইনে যা-ই থাকুক না কেন, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। এই আইন লঙ্ঘন করে জেলা পরিষদ পুকুরটি ভরাট করার উদ্যোগ নিয়েছে।
পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপপরিচালক তায়েফ উল্লাহ তালুকদার বলেন, ‘পুকুর ভরাট করার উদ্যোগ সম্পর্কে আমার কিছু জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বাঞ্ছারামপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা শহরের মাওলাগঞ্জ বাজারের উত্তর পাশে ৬৩৫ ও ৬৩৬ নম্বর দাগে ৯৭ শতক জমিতে একটি পুকুর আছে। এর মধ্যে ৬৩৫ দাগে থাকা ৫১ শতক জমি বাঞ্ছারামপুর আলিয়া মাদ্রাসার ও ৬৩৬ নম্বর দাগে থাকা ৪৬ শতক জমি সরকারি। এই ৪৬ শতকের মধ্যে ৩৪ শতক জমি ২০১২-১৩ অর্থবছরে (সেলামি মূল্যে) তিন লাখ ৪৪ হাজার টাকায় জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে উপজেলা ভূমি কার্যালয়।
জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ওই পুকুরের ৩৪ শতক জমি ভরাট করে সেখানে ৫০০ আসনের একটি মিলনায়তন নির্মাণ করার জন্য গত বছরের ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হয়। মেসার্স হাছান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচ কোটি ২৪ লাখ ১২ হাজার ৫৫ টাকার চুক্তিমূল্যে কাজটি পায়। জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, মিলনায়তনের নির্মাণকাজ চলতি বছরের ১৫ এপ্রিল শুরু হয়ে আগামী বছরের ২৫ নভেম্বর শেষ হওয়ার কথা। তবে মিলনায়তন ভবন নির্মাণ করার জন্য শুধু ৩৪ শতক জমি ভরাট করলেই হবে না, এর পাশে থাকা বাঞ্ছারামপুর আলিয়া মাদ্রাসার জায়গাও ভরাট করতে হবে। আর সে জন্য বাড়তি টাকা বরাদ্দ করতে গত ১৬ জুলাই পুনরায় পুকুরের মাপজোখ করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম।
মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘জেলা পরিষদ থেকে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের অর্থ ব্যয় করে মাদ্রাসার ৫১ শতক পুকুর ভরাট করে দেবে। পুকুরটি ভরাট হলে আমাদের একাডেমিক ভবন নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, ‘মন্ত্রণালয় থেকে একটি চিঠির মাধ্যমে বলা হয়েছে জেলা পরিষদের অধীনে নির্মাণাধীন মিলনায়তনে কারিগরি সহায়তা প্রদান করতে। তারই অংশ হিসেবে আমরা আমাদের যন্ত্রাংশ দিয়ে পুকুরের গভীরতা পরিমাপ করেছি।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আবদুল হামিদ বলেন, অন্য কোথাও জায়গা না পাওয়ায় পুকুর ভরাট করে মিলনায়তন নির্মাণ করা হবে। ৩৪ শতক জায়গা ভরাট করে মিলনায়তন টেকানো যাবে না, তাই মাদ্রাসার অংশটুকুও ভরাট করা হবে আর তা করতে পুনরায় মূল্য নির্ধারণ করা হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এমদাদুল বারী বলেন, ‘বাঞ্ছারামপুরে একটি মিলনায়তন নির্মাণ করা হবে সেটা জানি, কিন্তু পুকুর ভরাট করে তা নির্মাণ করা হবে, এমনটি জানা নেই।’