বরিশাল নগরের মাস্টারপ্ল্যান হয়েছে ২০১০ সালে। অভিযোগ উঠেছে, ওই মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়নকাজ হচ্ছে না। একটি পুকুর ভরাট করে অপরিকল্পিত উন্নয়নকাজ করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
২০১০ সালের মাস্টারপ্ল্যানে পুকুর জলাশয় রক্ষা এবং শ্রেণি পরিবর্তন না করার কথা বলা থাকলেও মানা হচ্ছে না ওই নিয়ম। নগরের প্রাণকেন্দ্র ফকিরবাড়ি সড়কে প্রায় এক একরের রাখাল বাবুর পুকুরের চারপাশের বড় একটা অংশ ভরাট করে উন্নয়নকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে পুকুরটির পশ্চিম দিকে প্রায় ১০ ফুট বাঁশ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। চলছে এখন মাটি ভরাটের কাজ।
তবে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির দাবি করেন, ওই পুকুর এলাকায় কাজ করার জন্য যন্ত্র রাখা যাচ্ছে না। এ কারণে পুকুরের ভেতর বাঁশ পুঁতে মাটি ফেলা হচ্ছে। ফুটপাত নির্মাণের পর ওই বাঁশ ও মাটি অপসারণ করা হবে।
নগর পরিকল্পনাবিদ নন্দিতা বসু বলেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী হুবহু উন্নয়ন হচ্ছে বলা যাবে না। তবে চেষ্টা করা হচ্ছে। রাখাল বাবুর পুকুরের শ্রেণি পরিবর্তন করা হবে না। হাঁটার রাস্তা করার জন্য কাজ চলছে। তারপরও সেখানে সমস্যা হলে সেটা দেখে পদক্ষেপ নেওয়া হবে।
বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, রাখাল বাবুর পুকুরের চারপাশে হাঁটার পথ তৈরির কাজ শুরু করেছে সিটি করপোরেশন। এ জন্য ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ওই কাজের আওতায় পুকুরের পশ্চিম পাশে নালা থেকে চার ফুট বাদ দিয়ে পুকুরের ভেতর হাঁটার জন্য ছয় ফুট ফুটপাত নির্মাণ করা হবে। বাকি অংশে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জার কাজ করা হবে।
সরেজমিনে দেখা গেছে, রাখাল বাবুর পুকুরের পশ্চিম পাড়ে আগে থেকে প্রায় ১০ ফুট ভরাট করা হয়েছে। সেখানে থাকা বাঁধানো ঘাটটি ওই ভরাটে ঢেকে গেছে। বর্তমানে ওখান থেকে আরও ১০ ফুট পুকুরের মধ্যে বাঁশ পুঁতে দেওয়া হয়েছে। এই অংশ এখন মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। পুকুরের উত্তর-পশ্চিম পাড়ে রড-সিমেন্ট-পাথর দিয়ে পাইলিং করার জন্য যন্ত্রও (মেশিন) স্থাপন করা হয়েছে।
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, মাস্টারপ্ল্যানে পুকুরগুলো সংরক্ষণের কথা বলা হলেও নগর কর্তৃপক্ষ সেদিকে নজর দিচ্ছে না। ফকিরবাড়ি সড়কের রাখাল বাবুর পুকুরটির পশ্চিম পাশের বড় একটা অংশ আগেই ভরাট হয়ে গেছে। নতুন করে ফুটপাত নির্মাণের নামে পুকুরের বড় একটা অংশজুড়ে পাইলিং করে ভরাট চলছে। তিনি বলেন, ‘ফুটপাত নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু সেটা হতে হবে পুকুর রক্ষা করে।’
প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যালের দেওয়া তথ্য অনুযায়ী, নগরের বগুড়া-আলেকান্দা মৌজায় বর্তমান ১৭ নম্বর ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ জমির ওপর রাখাল বাবুর পুকুরটি খনন করা হয়েছিল। ১৮০০ শতকের মাঝামাঝি সময় খাবার পানির জন্য এ পুকুর খনন করা হয়। এনায়েত হোসেনের অভিযোগ, নগরের পুকুরগুলোর অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। ভরাট-দখল-দূষণে অনেক পুকুর এরই মধ্যে হারিয়ে গেছে। জরাজীর্ণ অবস্থায় রয়েছে সরকারি বরিশাল কলেজের পাশে থাকা বিশাল পুকুরটিও। সেখানে পুকুরের অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে।
জানতে চাইলে নগর উন্নয়ন অধিদপ্তর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মাস্টারপ্ল্যান অনুসরণ করেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত। অনেক ক্ষেত্রেই মাস্টারপ্ল্যান অনুসরণ করা হচ্ছে না।