পুকুর ভরাট করে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
রাজশাহী নগরে আরেকটি পুকুর ভরাটের কাজ চলছে। নগরের বোসপাড়া তেঁতুলতলা এলাকার এই পুকুরটি ব্যক্তি মালিকানার দাবি করে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে দিয়ে ভরাট করানো হচ্ছে। ভরাট কার্যক্রম বন্ধে আরডিএ ওই নেতাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে।রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সূত্রে জানা যায়, নগরের আরাজি শিরোইল মৌজার (জেএল-১১) আরএস ২৯৪ ও ২৯৫ দাগের পুকুরটি স্থানীয়দের কাছে ‘মাটিকাটা পুকুর’ বলে পরিচিত। এটি ভরাট বন্ধে গত বৃহস্পতিবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে একটি কারণ দর্শাও নোটিশ দিয়েছে। তাঁকে আগামী ১ মার্চের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।বেসরকারি সংস্থা হেরিটেজ রাজশাহী’র সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, বিগত পঞ্চাশ বছরে নগরের চার হাজার পুকুর ভরাট করে ফেলা হয়েছে। এখন কোথাও আগুন লাগলে পানির অভাবে আগুন নেভানোই সমস্যা হয়ে দাঁড়াবে। রাজশাহী সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বজলুল হক বলেন, ‘এটিকে আমরা খাস (সরকারি) পুকুর বলেই জানতাম। হঠাৎ তরিকুল ইসলাম ওরফে তারা মিঞা নামে এক ব্যবসায়ী পুকুরটি নিজের দাবি করে ভরাটের উদ্যোগ নেন।’ ওই কাউন্সিলর জানান, তিন-চার মাস আগে পুকুরটি ভরাট শুরু করলে তিনি সিটি করপোরেশনের মেয়রের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ ভরাট কার্যক্রম বন্ধ করে দেয়। সম্প্রতি তরিকুল ইসলাম আবারো পুকুর ভরাটের কাজ শুরু করেন। বজলুল হক অভিযোগ করেন, পুকুরটি ভরাট করতে তরিকুল ইসলাম রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সাহায্য নিচ্ছেন।স্বেচ্ছাসেবক লীগের নেতা ডাবলু সরকার দাবি করেন, আরডিএ তাঁকে কেন নোটিশ দেবে! তিনি এই ভরাটের সঙ্গে জড়িত নন। পরোক্ষণেই তিনি বলেন, ‘পুকুরটির সিংহভাগ ভরাট করে ইতিমধ্যে তিনতলা বাড়ি করা হয়েছে। বাকি অংশ একটি ডোবায় পরিণত হয়েছিল। সেখান থেকে মশা-মাছি জন্মাচ্ছিল। তাই পুকুর মালিকের অনুরোধে আমার ছেলেরা (দলীয় কর্মী) সেটা ভরাট করে দিচ্ছে।’ স্বেচ্ছাসেবক লীগ নেতা পাল্টা অভিযোগ করে বলেন, ওই কাউন্সিলর তাঁর লোকজন দিয়ে প্রথম ভরাট শুরু করেছিলেন। তাঁরা ৩০ হাজার টাকার মাটি ফেলেছিলেন। তবে কাউকে দিয়ে পুকুর ভরাটের চেষ্টা করার কথা অস্বীকার করেছেন কাউন্সিলর বজলুল হক। গতকাল দুপুরে বোসপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, পুকুর ভরাটে শ্রমিকেরা কাজ করছেন। এরইমধ্যে পুকুরের বেশিরভাগ ভরাট করা হয়ে গেছে। এ ব্যাপারে পুকুরের মালিক দাবিদার তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর আত্মীয় পরিচয় দিয়ে একব্যক্তি বলেন, ‘পুকুর ভরাটের ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে। এই পুকুর ভরাটের ব্যাপারে নোটিশ দেওয়ার কথা নয়।’প্রসঙ্গত, রাজশাহী নগরের পুকুর ভরাটের উপর ২০১০-এর ১৩ ডিসেম্বর হাইকোর্টের একটি স্থগিতাদেশ রয়েছে। বাগমারার সাংসদ এনামুল হক ইতিপূর্বে নগরের মেহেরচন্ডি এলাকার একটি পুকুর ভরাট করছিলেন। এ নিয়ে গত ২০ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘ভরাট করা পুকুর খননের জন্য সাংসদকে নোটিশ’ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন আরডিএ চেয়ারম্যান, রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ কমিশনার গিয়ে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করে দেন।