পুকুর ভরাট বন্ধে নোটিশ
পরিবেশ অধিদপ্তর ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে পুলিশ ক্লাব পুকুর ভরাট বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য করে পুকুর ভরাট কার্যক্রম অব্যাহত রাখায় ভরাটকারী আজিজ সরদার গংয়ের পরিবেশ অধিদপ্তরের ঢাকার দপ্তরে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক সুকুমার বিশ্বাস স্বাক্ষরিত নিষেধাজ্ঞা নোটিশে ১২ আগস্ট সশরীরে ঢাকা সদর দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়, গত ১৬ ও ২৩ জুলাই জনবহুল এলাকায় অবস্থিত পুলিশ ক্লাব পুকুর ভরাটের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ওই নির্দেশ অমান্য করে ৯ আগস্ট পুকুর ভরাট কার্যক্রম পুনরায় চালানো হয়েছে, যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ। এ অপরাধের দায়ে অত্র নোটিশের পরিপ্রেক্ষিতে পুকুর ভরাটের সব কার্যক্রম বন্ধ রাখার জন্য চূড়ান্তভাবে নির্দেশ দেওয়া হয়। ভরাট প্রতিরোধের বিষয়ে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই পুকুর আমাদের নয়, জেলা পুলিশের। পুকুর ভরাটের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আর অভিযোগ না দিলে আমাদের পক্ষে কিছু করার নেই।’ প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেন, উচ্চ আদালতের রিট, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা ও বেলার জনস্বার্থে মামলা থাকা সত্ত্বেও পুকুর ভরাট আইনের চরম অবজ্ঞা। জনসমুক্ষে পুকুর ভরাট হচ্ছে, এ জন্য কোনোপ অভিযোগ প্রয়োজন হয় না। পুলিশ ইচ্ছে করলে ব্যবস্থা নিতে পারত।জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি পুকুরটি পুনরায় ভরাট শুরু হয়েছে। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেবে।’ পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘পুকুরের ওই অংশের মালিক আমরা নই। তাই আমাদের বাধা দেওয়ার সুযোগ নেই।’ পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই পুকুর ভরাটের বিরুদ্ধে ইতিপূর্বে ব্যবস্থা গ্রহণ করায় বন্ধ ছিল ভরাট কাজ। বৃহস্পতিবার সরকারি ছুটির সুযোগে আবার ভরাট কাজ শুরু হয়। এ ব্যাপারে চূড়ান্ত নোটিশ প্রদান করে তাঁদের ঢাকায় তলব করা হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।