পুকুর ভরাট বন্ধের দাবিতে লাকসামে নারীদের মিছিল
কুমিল্লার লাকসাম পৌর শহরের একটি পুরোনো পুকুর ভরাট বন্ধের দাবিতে গতকাল সোমবার মৌন মিছিল করেছেন নারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও দেন তাঁরা।স্মারকলিপি সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছরের পুরোনো এ পুকুর ‘ক্ষেত্র মোহনের’ পুকুর নামে পরিচিত। পুকুরটি প্রায় ৬০ শতক জমিজুড়ে। এলাকার লোকজনের পানি ব্যবহারের জন্য একমাত্র সম্বল এটি। এর আশপাশে রয়েছে শতাধিক পরিবার। তারা পুকুরের পানি গোসল ও রান্নার কাজে ব্যবহার করে।উত্তর লাকসামের বাসিন্দা জয়নাল আবেদীন পুকুরের অংশবিশেষ ক্রয়সূত্রে নিজেকে মালিক দাবি করে ভরাট-প্রক্রিয়া চালাচ্ছেন। এলাকাবাসী বাধা দিলেও তিনি তোয়াক্কা করছেন না। এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলরের কাছে প্রতিকার চেয়েও কাজ হয়নি।মৌন মিছিলে অংশ নেওয়া একাধিক নারী বলেন, পুকুরটি ভরাট হয়ে গেলে একদিকে ২০০ বছরের পুরোনো ঐতিহ্য বিলীন হয়ে যাবে, অন্যদিকে সীমাহীন দুর্ভোগের শিকার হবে এলাকাবাসী।