পুকুর ভরাটের ঘটনায় অবশেষে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে প্রাচীন পুকুর ভরাটের ঘটনায় শেষ পর্যন্ত ওই পুকুরের মালিকের বিরুদ্ধে মামলা করেছে। পৌরসভা কর্তৃপক্ষ গত রোববার থানায় মামলাটি করে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলা সদরের পশ্চিমপাড়ার শতাধিক বছরের প্রাচীন ‘সাধন দেবের পুকুর’ কয়েক দিন ধরে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। এলাকাবাসী দুই ভাগে ভাগ হয়ে পুকুর ভরাটের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাল্টাপাল্টি আবেদন করেন। কিন্তু ভরাটের কাজ চলতে থাকে। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দীনের নির্দেশে নবীনগর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মেজবাহ উদ্দিন পুকুরের মালিক জহর দেবসহ কয়েকজনের বিরুদ্ধে রোববার মামলাটি করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর গতকাল জানান, পুলিশ পাঠিয়ে এরই মধ্যে পুকুরে বালু ফেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ২৪ জুন প্রথম আলোয় ‘নবীনগরে প্রাচীন পুকুর ভরাটের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।