পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুর শহরের জেলা পরিষদসংলগ্ন পুকুর ভরাট করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন এলাকাবাসী।স্মারকলিপি সূত্রে জানা গেছে, জেলা পরিষদসংলগ্ন সাবেক খাদ্যমন্ত্রী ফণিভূষণ মজুমদার স্মৃতি সংসদ ও পাঠাগারের নিয়ন্ত্রণাধীন একটি জলাধারে আশপাশের কয়েক হাজার মানুষ গোসলসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে ব্যবহার করে। দুই দিন আগে এই পুকুরটি বালু দিয়ে ভরাটের জন্য পাইপ স্থাপন করা হয়। পৌর এলাকার সচেতন জনগণের পক্ষে আন্দোলনকারী রতন কুমার দাস বলেন, যে জলাশয় বা পুকুরের পানি সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যবহার হয় তা হলো ‘সলিল জলাধার’। এই সলিল প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর ধারা ৫ ও ১২(২) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫-এর ধারা ৬(ঙ) লঙ্ঘন করে একশ্রেণীর ভূমিদস্যু এটি ভরাট করার চেষ্টা করছে। এই ভরাটকাজ বন্ধ করতে হবে।