পুকুর ভরাটের মহোৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। গত এক দশকে শহরের প্রায় ৬০টি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি শহরের অগ্নিনির্বাপণ-ব্যবস্থা বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন প্রথম আলোকে জানান, নব্বইয়ের দশকেও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ২২টি মৌজায় দুই শতাধিক পুকুর ছিল। এখন সেই সংখ্যা কমে ১৪২-এ দাঁড়িয়েছে। স্থানীয় লোকজন বলেন, গত এক মাসে শহরের পাঁচটি পুকুর ভরাট করা হয়েছে।শহর ঘুরে দেখা যায়, পূর্ব পাইকপাড়া জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর-সংলগ্ন রামঠাকুর আশ্রমের পুকুর ভরাট করে পশ্চিমাংশে বিপণিবিতান নির্মাণ করা হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে কুমারশীল মোড়ের পুকুরও। এ ছাড়া শহরের পশ্চিম মেড্ডায় পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কার্যালয় থেকে মাত্র ১০ গজ দূরের পুকুরটি ভরাট করে টিনের বেড়া দেওয়া হয়েছে। ওই মহল্লার সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন আরও একটি পুকুর ভরাট করা হয়েছে। আনন্দবাজার-সংলগ্ন কালাই শ্রীপাড়ায় পুকুর ভরাট করে পাঁচতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে আরও অনেক পুকুর ভরাট করা হয়েছে।বর্তমানে মুন্সেফপাড়া কাঙ্গালনাথের বাড়িসংলগ্ন পুকুর, মধ্যপাড়া বর্ডার বাজারসংলগ্ন পুকুর ও পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের বড় দিঘি ভরাট করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, কাঙ্গালনাথের বাড়িসংলগ্ন পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে নিজামুল হক নামের এক আইনজীবী জেলা যুগ্ম জজ আদালতে মামলা করেন। আদালত ভরাট বন্ধ রাখতে ভরাটকারীদের নোটিশ দেন। এর পরও চলছে ভরাটের কাজ।পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপপরিচালক সায়েফ উল্লাহ তালুকদার জানান, ২০০০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়—প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জনগণের আশ্রয়স্থল রক্ষা ও অগ্নিনির্বাপণে সহায়তা করতে কোনো অবস্থায় খাল, বিল, পুকুর-নালাসহ প্রাকৃতিক জলাশয় ভরাট করা যাবে না এবং এর গতিপথ পরিবর্তন করা যাবে না। আদেশে আরও বলা হয়, জনস্বার্থে বা দেশের স্বার্থের ব্যত্যয় ঘটাতে হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি নিতে হবে।এ ছাড়া প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ ধারায় বলা হয়েছে, ‘এই আইনের বিধান অনুযায়ী খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার হিসাবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন করা যাইবে না বা উক্তরূপ জায়গা অন্য কোনোভাবে ব্যবহার করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাইবে না। ৫ ধারার এই বিধান লঙ্ঘন করিয়া যদি কোনো জায়গা বা জায়গার অংশবিশেষের শ্রেণী পরিবর্তন করা হয়, তাহা হইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ দ্বারা জমির মালিককে অথবা বিধান লঙ্ঘনকারী ব্যক্তিকে নোটিশে উল্লেখিত জায়গার শ্রেণী পরিবর্তনের কাজে বাধা প্রদান করিতে পারিবে এবং নির্ধারিত পদ্ধতিতে অননুমোদিত নির্মাণকার্য ভাংগিয়া ফেলিবার নির্দেশ দিতে পারিবে।’সায়েফ উল্লাহ তালুকদার বলেন, ‘এভাবে পুকুর ভরাটের কারণে শহরে আগের তুলনায় জলাবদ্ধতা বেড়ে গেছে। তা ছাড়া স্থানীয় ফায়ার সার্ভিসও বিপাকে পড়েছে।’ স্থানীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘আগে শহরের কোথাও আগুন লাগলে আশপাশের পুকুরের পানি দিয়ে নেভানো সম্ভব হতো। এখন আগুন লাগলে পানি পাওয়া দুষ্কর হবে।’ জেলা সচেতন নাগরিক কমিটির নির্বাহী সদস্য আলী আকবর মজুমদার বলেন, পুকুর ভরাট করে পরিবশের বিপর্যয় ঘটানো ঠিক হচ্ছে না। এটা শহরবাসীর জন্য দুর্ভাগ্য।পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন বলেন, ‘পুকুর ভরাট হচ্ছে—এমন খবর পেলেই আমরা ভরাটকারীদের লিখিত নোটিশ দিই। কিন্তু তারা নোটিশ আমলে নেন না।’ জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদার বলেন, ‘পুকুর ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করে। আমরাও ভরাটের খবর শুনলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠাই। কিন্তু ২৪ ঘণ্টা পুলিশের পাহারা বসিয়ে রাখা সম্ভব হয় না।’