পুকুর যখন খেলার মাঠ

মাছ চাষ, গোসল, সাঁতার কাটা-বংশাল পুকুরে দেড় শতাধিক বছর ধরে এসবই চলে আসছিল। এই পুকুরে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে, সেটা কি কেউ কখনো ভেবেছিল? এমন অভাবিত কাজই করেছে পুরান ঢাকার বংশালের একদল তরুণ।
ঐতিহ্যবাহী বংশাল পুকুরে এখন চলছে ফুটবল প্রতিযোগিতা। শিগগিরই শুরু হবে ক্রিকেটের আসর।
বহু বছর ধরে পানি পরিবর্তন করা হয় না। মাঝে দক্ষিণ-পূর্ব পাশের দেয়াল ধসে পড়ে পুকুরে। তাই তিন মাস আগে পুকুরটি সেচে পুনঃখনন ও সংস্কারকাজ শুরু করে বংশাল পঞ্চায়েতের অধীন বংশাল পুকুর পরিচালনা কমিটি। সংস্কারকাজ শেষ পর্যায়ে। পুকুরের তলদেশের মাটি সমান করা হয়েছে। এখন চলছে ঘাটের সংস্কার। এরই মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট নিয়ে নেমে পড়েছে মহল্লার শিশু-কিশোর ও তরুণেরা। বিষয়টি স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
১৮ মার্চ এই ‘পুকুর মাঠে’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বংশাল পুকুর পরিচালনা কমিটি। নাম ‘বংশাল পুকুর পুনঃখনন ও সংস্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮ ’। এতে পুরান ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লার ২০টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর নামও বিভিন্ন দেশের নামে। ব্যবস্থা করা হয়েছে ফ্লাড লাইটের। সন্ধ্যার পরপরই আলোকিত হয়ে পড়ে পুকুর ও চারপাশের এলাকা। খেলা দেখতে ভিড় করে মহল্লার বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকেরা জানান, প্রতিদিন সন্ধ্যা সাতটায় খেলা শুরু হয়। ৫০ মিনিট করে চারটি ম্যাচ হয়। পুকুরের চারধারে ‘গ্যালারিতে’ দাঁড়িয়ে খেলা উপভোগ করে বাসিন্দারা। ধারাভাষ্য চলে ঢাকাইয়া ভাষায়, যা টুর্নামেন্টের বাড়তি আকর্ষণ বলে জানান এলাকাবাসী।
গতকাল রোববার বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বংশালের হাজি আবদুল্লা সরকার লেনের (কাঠপট্টি) প্রায় সাড়ে চার বিঘা জায়গা নিয়ে আছে নারকেলগাছঘেরা বংশাল পুকুর। প্রায় ২০ ফুট গভীর পুকুরটির চার পাড়ে কংক্রিটের দেয়াল, এর ওপর তিন ফিট উঁচু গ্রিল। শুকনো পুকুরটি হুট করে দেখলে খেলার মাঠ বলে ভুল হতেই পারে। তলদেশের সমান করা মাটিতে ফুটবল খেলছে স্কুল ড্রেস পরা একদল কিশোর। তারা পাশের মিল্লাত উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় কয়েকজন যুবক জানালেন, মূল আয়োজন শুরু হয় সন্ধ্যার পর। জ্বলে উঠে পুকুরের চারপাশের ফ্লাড লাইট। বাড়তে থাকে দর্শক। আশপাশের ভবনগুলোর বাসিন্দারাও দর্শক বনে যায়। ভবনের ছাদে কিংবা ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে খেলা উপভোগ করে অনেকে। পাম্পের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে বৃষ্টি হলে পানি সরিয়ে খেলার উপযোগী রাখা যায়।
বংশাল পঞ্চায়েত কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৫০ বছরের পুরোনো এই পুকুরটি ২০ বছর ধরে সংস্কার করা হয়নি। পানিও তেমন পরিষ্কার করা হয়নি। তাই পুকুরটি সেচের পর পুনঃখনন ও সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে মহল্লার শিশু-কিশোর ও তরুণেরা এর ভেতর খেলাধুলা শুরু করে। বিষয়টি এলাকাবাসীর মাঝে বেশ সাড়া ফেলেছে। তাই পঞ্চায়েতের সবার সিদ্ধান্তমতে সেখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পুকুরে টুর্নামেন্ট চালু করার পর প্রতিদিন বংশালসহ আশপাশের মহল্লার কয়েক হাজার দর্শকের সমাগম হয়। রাতে ফ্লাড লাইটের আলোয় পুরো এলাকা আলোকিত হয়ে যায়।
এই টুর্নামেন্ট পরিচালনা করেন হাজি আবদুল্লাহ সরকার লেনের বাসিন্দা আবদুর রহিম। তিনি বলেন, প্রতিদিন চারটি ম্যাচে আটটি দল অংশগ্রহণ করে। আগামী শুক্রবার এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে ১০টি দল অংশ নেবে। ওই দিন রাতেই ফুটবলের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
জানতে চাইলে বংশাল পুকুর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আইয়ুব বলেন, পুকুরটি পুনঃখনন ও সংস্কারকাজ শেষ পর্যায়ে। ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট শেষ হলে পুকুরটিতে পানি ছাড়া হবে। তিনি বলেন, বংশালের ৯০ শতাংশ মানুষ এই পুকুরে সাঁতার শিখেছে। তরুণ প্রজন্মের অধিকাংশ এখন সাঁতার জানে। এখন ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট দুটি তাদের জন্য বাড়তি পাওনা।