পুকুর রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের ঝাউতলায় শত বছরের পুরোনো একটি পুকুর রক্ষার দাবিতে স্থানীয় লোকজন গতকাল বৃহস্পতিবার মিছিল করেছেন। একই দাবিতে তাঁরা প্রাচীন পুকুর রক্ষা কমিটি নামের একটি সংগঠনের ব্যানারে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেনের কাছে স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ১০০ বছর আগে নগরের ঝাউতলা এলাকায় তৎকালীন জমিদার ধীরেন্দ্রনাথ রায় ২৬৯৮ দাগের ৩০ শতাংশ জমিতে পুকুরটি খনন করেন। একই সঙ্গে তিনি সর্বসাধারণের জন্য পুকুর ব্যবহারের স্বার্থে উল্লেখ করে একটি দলিল করে দেন। স্বাধীনতার পর হঠাৎ শিরিন রহমান নামের একজন ওই সম্পত্তির মালিকানা দাবি করেন। তখন এলাকাবাসী প্রতিরোধ করে এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে মামলা করে। মামলার রায়ে পুকুরটি জনস্বার্থে ব্যবহারের আদেশ হয়। ১৭ আগস্ট মালিকানা দাবি করে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন ও তাঁর সহযোগীরা পুকুরটি দখল ও ভরাট করার উদ্যোগ নেন। এর প্রতিবাদে কয়েক শ নারী-পুরুষ নগরের প্রধান সড়কে নেমে মানববন্ধন করেন। একপর্যায়ে প্রশাসনিক সহযোগিতায় পুকুর ভরাট অস্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হয়। তবে দখলদারেরা নানাভাবে এটি ভরাটের পাঁয়তারা চালাচ্ছে।সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করব। ওই পুকুর যদি জনস্বার্থে ব্যবহারের কথা উল্লেখ থাকে, তাহলে কোনোভাবেই তা ভরাট করতে দেওয়া হবে না। একই সঙ্গে পুকুর সংস্কার ও সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হবে।’