পুকুর রক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরের পুলিশ ক্লাব পুকুর রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকেরা একজোট হয়েছেন। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের পাশে এ পুকুরের পাড়ে দোকান নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট নাগরিকেরা মল্লিক রোডে এই পুকুরপাড়ে মানববন্ধন করে এ প্রতিবাদ জানান। তাঁরা পুকুরটি রক্ষায় দোকানপাট সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

নদী-খাল বাঁচাও আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধনে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেয়। মানববন্ধনে অংশ নিয়ে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের পাশে থাকা এ পুকুরে দোকান নির্মাণ হলে এখানকার পরিবেশ নষ্ট হবে। ইভ টিজিংয়ের সুযোগ সৃষ্টি হবে। পাঠদানে বিঘ্ন ঘটবে।

সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা সাহা বলে, পুকুরটির কারণে এখানকার পরিবেশ সুন্দর ছিল। এখন পুকুরের মধ্যে দোকান নির্মাণ করলে পরিবেশ নষ্ট হবে। এই কাজ বন্ধ করতে হবে।

আরেক শিক্ষার্থী তামান্না রশিদ বলে, এমনিতেই বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বখাটেদের উৎপাত সহ্য করতে হয়। এখন বিদ্যালয়ের পাশে এভাবে ব্যবসাপ্রতিষ্ঠান হতে থাকলে বখাটেদের উৎপাত বাড়বে। একই আশঙ্কার কথা জানিয়েছে তাসনিম মমতাজ, সাওদা ইসলাম, তানিসা মেহজাবিন, লাবিয়া মান্নানসহ আরও অনেক শিক্ষার্থী।

মানববন্ধনে বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান, শিক্ষক মো. রফিকুল ইসলাম, আবদুল মান্নান, সুভাশীষ কুমার, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত, নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন, সুভাষ কুমার বিপ্রবেদান্তি, সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সংগঠক মনীষা চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বরিশাল শহর থেকে একে একে সরকারি-বেসরকারি সব পুকুর দখল ও ভরাট হয়ে যাচ্ছে। ১৭ নম্বর ওয়ার্ডের এই পুকুরটি এখনো পরিবেশ রক্ষা করে চলেছে। জরুরি অগ্নিনির্বাপণে পানির দরকার হলে এখান থেকে পানি সরবরাহ সহজ হয়। এটি ধ্বংস হলে ভয়াবহ অবস্থায় পড়বে এলাকাবাসী। তা ছাড়া গুরুত্বপূর্ণ এই পুকুর দখল করে স্টল নির্মাণ করা হলে পুকুরটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আস্তে আস্তে ভরাট হয়ে যাবে ঐতিহ্যবাহী পুকুরটি।

শহরের বগুড়া-আলেকান্দা মৌজায় জেলা পুলিশের নামে ৭৫ শতাংশ সম্পত্তি রয়েছে। এর মধ্যে একটা অংশ ক্লাব ও বাকি অংশ পুকুর। ৫০ শতাংশ পুকুরের একটা অংশ ভরাট হয়ে গেছে। অবশিষ্ট প্রায় ৩০ শতাংশ পুকুর জেলা পুলিশের নামে আছে। সেই পুকুরের দক্ষিণ পাড়ে আটটি দোকান নির্মাণের কাজ শুরু করেছে পুলিশ বিভাগ। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনে নেমেছেন নগরবাসী।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল ও কাউন্সিলররাও পুকুর দখল করে দোকান নির্মাণের নিন্দা জানিয়েছেন। অবিলম্বে পুকুরপাড় থেকে নির্মাণাধীন দোকান সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।