পুকুর রক্ষায় ‘গণগোসল’
‘হে পথিক একটু শোন, আমার বুকে সাঁতার কেটে তোমরা যারা বড় হয়েছ, এই পানিতে পবিত্র হয়ে যারা সৃষ্টিকর্তার আরাধনা করেছ, তোমাদের কাছে মিনতি করছি—আমাকে তোমরা ভরাট করো না, এই পুকুরের উপর তোমরা মার্কেট নির্মাণ করো না।’ ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ার রামকানাই স্কুলসংলগ্ন ২০০ বছরের পুরোনো পুকুরের পাড়ে এমন লেখা সংবলিত ব্যানার টানিয়ে রাখা হয়েছে। ঐতিহ্যবাহী ও বিশাল এ পুকুর ভরাট করে স্থানীয় পৌর কর্তৃপক্ষের বিপণিবিতান নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে এলাকার মানুষ এমন ব্যানার টানিয়েছে। গতকাল শনিবার ওই পুকুর রক্ষায় ‘গণগোসল’ কর্মসূচি পালন করা হয়। এর আগে এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসনের কাছে সঞ্চারকলিপি দেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এ পুকুর ভরাট করে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনা করে। পরে পাইকপাড়া মহল্লার বাসিন্দারা পুকুরটি রক্ষা করতে ৪১ সদস্যের কমিটি গঠন করে। ৬ অক্টোবর তারা পুকুরের পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেয় তারা। পুকুর রক্ষা কমিটির আহ্বায়ক ও পাইকপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইমাম বলেন, ‘প্রতিদিন পাইকপাড়া এলাকার অন্তত ১০ হাজার মানুষ নানা কাজে পুকুরটি ব্যবহার করে আসছে। কোনো অবস্থাতেই এ পুকুর ভরাট করতে দেওয়া হবে না।’ গণগোসলে অংশ নেওয়া পাইকপাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমান, হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম ও রবি ঘোষ বলেন, ‘এটি পাইকপাড়ার মানুষের ব্যবহার উপযোগী একমাত্র পুকুর। রক্ত দেব, তবু আমরা পুকুরটি ভরাট করতে দেব না।’ স্থানীয় পৌর কাউন্সিলর আহসান উল্লাহ হাসান বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের সঙ্গে আমি একমত। কোনোভাবেই এ পুকুর ভরাট করার সুযোগ দেওয়া হবে না। পাইকপাড়ার ঐতিহ্যবাহী রামকানাই পুকুরটি ভরাট করে সেখানে বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। এর অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর পুকুরের মাটি পরীক্ষা করা হয়। এরপরই পাইকপাড়ার বাসিন্দারা পুকুর রক্ষায় আন্দোলনে নামে।