পুকুরগুলো ফিরে চায় আদিবাসীরা
নিজের বলতে কিছুই নেই তাদের। সরকারি খাসপুকুরের পাড়ে খুপরিঘর তুলে বাস করে। জীবন চলে পুকুরে মাছ চাষ করে। খাবার পানি সংগ্রহ ও গোসল সবই পুকুরে। বংশপরম্পরায় পুকুরকেন্দ্রিক জীবন-জীবিকা চলছিল পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে ১৩৭টি ভূমিহীন আদিবাসী পরিবারের।গত বছরের জুনে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক আবদুল কাদের পছন্দের লোকজন দিয়ে পুকুরগুলো দখলে নিয়েছেন। ফলে জীবন-জীবিকা নিয়ে হুমকির মুখে পড়েছে আদিবাসী পরিবারগুলোর। তারা পুকুরগুলো ফিরে পাওয়ার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছে।জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি রাম প্রসাদ মাহতো জানান, চেয়ারম্যানের লোকজন দখলে নেওয়ার পর থেকে আদিবাসীরা পুকুরের কোনো সুফল পাচ্ছে না। পুকুর থেকে খাবার পানি সংগ্রহ করতে গেলেও এখন ইজারাদারদের অনুমতি নিতে হচ্ছে। অনেক সময় এসব ইজারাদারের কুদৃষ্টির শিকার হচ্ছেন আদিবাসী নারীরা। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। চলতি বছর তারা পুকুরগুলো ইজারা নিতে গিয়েও চেয়ারম্যানের হুমকির শিকার হয়েছে।বাঘলবাড়ী গ্রামের বাসিন্দা গুলজার হোসেন বলেন, ‘আমাদের দেখামতে, দীর্ঘকাল ধরে পুকুরগুলো আদিবাসীদের দখলেই ছিল। এর ওপর নির্ভর করেই ওদের জীবন চলে। কিন্তু কোনো এক রাগ থেকে চেয়ারম্যান আদিবাসীদের পুকুরগুলো দিতে চাচ্ছেন না। মানবিক কারণে হলেও পুকুরগুলো আদিবাসীদের প্রাপ্য।’চেয়ারম্যান রবিউল করিম বলেন, তিনি নিজেও আদিবাসীদের পক্ষে। ইজারা কমিটির সদস্য হিসেবে পুকুরপাড়ের বাসিন্দারের মধ্যে সমবণ্টন করতে চেয়েছিলেন। তাদের দুটি পুকুর দেওয়া হয়েছে। আরও একটি দেওয়ার প্রস্তুতি চলছে। আদিবাসীদের মধ্যে দুটি পক্ষ থাকায় ঝামেলা বাধিয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইজারা প্রদান কমিটির সদস্যসচিব মাহবুবুল আলম বলেন, নতুন ইজারার ক্ষেত্রে আদিবাসীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইজারা প্রদান কমিটির সভাপতি ফিরোজ শাহ বলেন, আবেদন করলেই কেউ ইজারা পাবেন না। সরকারি নীতিমালা অনুযায়ী পুকুরপাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে পুকুরগুলো ইজারা দেওয়া হবে।