পুকুরঘাট দখল করে ঘর তৈরি ইউএনও লাঞ্ছিত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের চর আলেকজান্ডার বাজারে গত শনিবার গভীর রাতে একটি সরকারি পুকুরের ঘাট দখল করে ঘর তুলেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। গতকাল রোববার এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে ওই নেতা ও তাঁর লোকজনের হাতে লঞ্ছিত হয়েছেন ইউএনওসহ দুই কর্মকর্তা।জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও অটো টেম্পো মালিক গ্রুপের সভাপতি জহির উদ্দিন শনিবার রাতে টেম্পোশ্রমিকদের নিয়ে জেলা পরিষদের ওই পুকুরের পাকা ঘাটে বাঁশ-টিন দিয়ে একটি ঘর তোলেন। বিষয়টি জানতে পেরে খোঁজ নিতে গতকাল সকালে সেখানে যান উপজেলা ভূমি অফিসের কানুনগো সুব্রত দেওয়ান। এ সময় সুমন ও তাঁর লোকজন কানুনগোকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দৌলতুজ্জামান খান ঘটনাস্থলে যান। তিনি ঘরটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে দখলদারেরা তাঁকেও লাঞ্ছিত করেন। ওই সময় কর্তব্যরত প্রথম আলোর উপজেলা প্রতিনিধি শাজাহান তালাসী তাঁর মুঠোফোনে ছবি তুলতে গেলে সুমন ফোনসেটটি কেড়ে নেন। প্রায় আধা ঘণ্টা পর ফোনসেটটি ফেরত দেওয়া হয়।