পুকুরটি ভরাট চলছেই
মাদারীপুর জেলা শহরের পুলিশ ফাঁড়ি পুকুরটি ভরাট বন্ধে কোনো পদক্ষেপই নেয়নি জেলা প্রশাসন। গতকাল শুক্রবারও লোকজনকে পুকুরটি ভরাট করতে দেখা গেছে।
২০০ বছরের পুরোনো এই পুকুর গত বুধবার থেকে বালু ফেলে ভরাট করছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা। ভরাট বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসককে একাধিক চিঠি দিয়েও কোনো সহায়তা পাননি মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন।
মাদারীপুর শহরে অবস্থিত পুলিশ ফাঁড়ি পুকুর নামে পরিচিত ২ একর ৩ শতক আয়তনের ওই পুকুরটির মালিক জেলা প্রশাসন। ভরাটে নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাইয়ের ছেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক জিএস সাইদুর রহমান রুবেল খান, মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির মাহমুদ। সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগ ও যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী ওই এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক ভরাটকাজ তদারক করছেন।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি রেজাউল হক বলেন, ‘নৌপরিবহনমন্ত্রীর ছত্রচ্ছায়ায় একটি চক্র পুকুরটি ভরাট করছে। কিন্তু জেলা প্রশাসন শুধু চেয়ে চেয়ে দেখছে। আর আন্দোলনকারীদের পুলিশ দিয়ে হয়রানি করছে। পুকুর ভরাট বন্ধ করা না হলে আমরা পরিবেশ আদালতে মামলা করব।’ পৌর মেয়র খালিদ হোসেন বলেন, ‘প্রশাসনের অসহযোগিতার কারণে আমি পুকুরটি রক্ষায় ভূমিকা নিতে পারছি না। জেলা প্রশাসকের প্রত্যক্ষ মদদে প্রভাবশালী চক্র সরকারি সম্পত্তি দখল করছে।’
এ বিষয়ে জানতে মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।