পুকুরটি ভরাট বন্ধে নোটিশ পরিবেশ অধিদপ্তরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর শহরের পুলিশ ফাঁড়ি পুকুরটি অবৈধভাবে ভরাট বন্ধে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার অধিদপ্তরের একটি প্রতিনিধিদল পুকুর ভরাট পরিদর্শনে গিয়ে ভরাটকারী জাহিদুল ইসলামকে ভরাট বন্ধ করে বালু অপসারণের নির্দেশ দেন।
এর আগে পুকুরটির ভরাট বন্ধে চার দিনেও কোনো পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন। বরং পুকুরটি ভরাটের পক্ষে নানা যুক্তি দেখান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ২০০ বছরের পুরোনো এই পুকুর গত বুধবার থেকে বালু দিয়ে ভরাট করছেন শাজাহান খানের সমর্থক ছাত্রলীগ-যুবলীগের কয়েক নেতা।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ছায়েফ উল্ল্যা তালুকদার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, প্রথম আলো পত্রিকায় ৬ অক্টোবর তারিখে প্রকাশিত সংবাদে জানা যায়, আপনারা পুলিশ ফাঁড়ি পুকুরটি ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। আইনে ভরাটকারীর বিরুদ্ধে কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। পুকুরটি ভরাটের যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে ভরাটকৃত অংশের বালু/মাটি অপসারণের নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনা পালনে ব্যর্থ হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক ছায়েফ উল্ল্যা তালুকদার বলেন, ‘বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সভা করেছি। তিনি ভরাট বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপরও ভরাট বন্ধ করা না হলে আমরা মামলা করব।’
হাইকোর্টে রিট: পুকুরটির ভরাট বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গতকাল এ রিট করেন বলে সাংবাদিকদের জানান। বিষয়টি প্রথম আলোকেও নিশ্চিত করেছেন তিনি।