পুকুরমালিককে জরিমানা, পাড় সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কাঁকনহাট পৌর এলাকায় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে গোলাম রব্বানী নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১০ দিনের মধ্যে পুকুরের পাড় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সানোয়ার হোসেন এ সাজা দেন।
গোলাম রব্বানীর বাড়ি গোদাগাড়ী উপজেলার জয়রামপুর গ্রামে। তিনি গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তিনি কাঁকনহাট পৌর এলাকার চকবোনাই মৌজায় ২৫০, ২৫৩ ও ২৫৪ দাগের ওপর পুকুর খনন করেছেন। অবৈধভাবে পুকুর কাটতে গোলাম রব্বানী আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার সুবাদে তিনি নির্বিঘ্নে পুকুর খনন করেছেন। প্রশাসনের পক্ষ থেকেও তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী লোকজনের। এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘অবৈধভাবে পুকুর কাটতে আওয়ামী লীগে যোগদান?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ বলেন, গতকাল বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সানোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওই পুকুরের পাড়ের কারণে বিলের পানিপ্রবাহে বাধার সৃষ্টি হবে। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গোলাম রব্বানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। উপজেলা কার্যালয়ে জরিমানার টাকা জমা দিয়ে রব্বানী ছাড়া পান। তাঁর কাছ থেকে এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে, তিনি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আপত্তিকর জায়গা থেকে পুকুরের পাড় সরিয়ে নেবেন।
এ ব্যাপারে কথা বলার জন্য গোলাম রব্বানীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তাঁর ভাই জারজিসও এই পুকুর কাটার সঙ্গে জড়িত। মুঠোফোনে তিনি বলেন, ‘জরিমানার কথা শুনেছি। তবে আর কী ঘটনা ঘটেছে শুনিনি।’