পুকুরে ইলিশ চাষের সম্ভাব্যতা যাচাই করছে সরকার
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, পুকুরে ইলিশ চাষের সম্ভাব্যতা যাচাই চলছে। ইলিশের অভয়ারণ্য গভীর নদীতে হলেও তা পুকুরে চাষ করার সম্ভাব্যতা খতিয়ে দেখতে গবেষণা শুরু করেছে সরকার। ইতিমধ্যে চাঁদপুরে একটি পুকুরে পরীক্ষামূলকভাবে ইলিশের পোনা ছাড়া হয়েছে। এসব ছোট ইলিশ এখন বড় হতে শুরু করেছে। তবে এই ইলিশ নদীর মতো সুস্বাদু হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তরপর্বে শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে শহীদুজ্জামান সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, গত মৌসুমে (২০০৮-০৯) সারা দেশে দুই লাখ ৯৮ হাজার মেট্রিক টন ইলিশ মাছ ধরা পড়ে। এর মধ্যে চার হাজার ২০৭ টন ইলিশ রপ্তানি করা হয়েছে।নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি দুগ্ধ খামারে সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় না। ননীগোপাল মণ্ডলের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে গবাদিপশু উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় চিংড়ি নীতিমালা-২০১০ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আলোকে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত চিংড়ি চাষ করা সম্ভব হবে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে মৎস্যমন্ত্রী জানান, সারা দেশের মৎস্য ও পশুসম্পদ উন্নয়নে বর্তমানে ২২টি প্রকল্প ও চারটি কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি পর্যায়ে গবাদিপশুর খামার স্থাপনকে উৎসাহিত করার জন্য সরকারিভাবে টিকা, হাঁস-মুরগির বাচ্চা, ঘাসের কাটিং উৎপাদন ও বিতরণ এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি ম্যানুয়াল সরবরাহ, চিকিৎসাসেবাসহ বিভিন্ন সম্প্রসারণমূলক সেবা দেওয়া হচ্ছে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মৎস্য অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের নদনদী ও অন্যান্য জলাশয়ে ৫৬৬টি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এ ছাড়া জার্মান সরকারের আর্থিক সহায়তায় ৩১ কোটি টাকা ব্যয়ে জলাশয় বহুমুখীকরণ এবং পুনর্বাসন প্রকল্প নেওয়া হয়েছে।