পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনসিয়া গ্রামে কীটনাশক ছিটিয়ে এক মৎস্যচাষির পুকুরের সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আবুল কালাম আজাদ বলেন, তাঁর বাড়ির পাশে তিন বিঘা আয়তনের একটি পুকুর আছে। যেখানে তিনি ও তাঁর শ্বশুর জহুরুল ইসলাম যৌথভাবে গত মে মাসে ৫৫ হাজার টাকার রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন। তাঁরা গত ৮ মাসে ১ লাখ ২০ হাজার টাকার খাদ্য দিয়েছেন। এ ছাড়া অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ২ লাখ টাকা ব্যয় করেছেন। ইতিমধ্যে মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে উঠেছে। আশা ছিল এই মাছ বিক্রি করে ৩ লক্ষাধিক টাকা পাবেন। কিন্তু দুর্বৃত্তরা তাঁর সব আশা নষ্ট করে দিয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবির বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।