পুকুরে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামে পুকুরের পানিতে গোসল করতে নেমে গত রোববার বিকেলে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পিতা-পুত্র হলো তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের দবিয়ার রহমান (৪০) ও তাঁর ছেলে নিরব হোসেন (১০)।
প্রত্যক্ষদর্শী, কালীগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত রোববার বিকেলে বাড়ির পাশের পুকুরে দবিয়ার রহমানের ছেলে নিরব হোসেন গোসল করতে নামে। দবিয়ার রহমানের চোখের সামনে পুকুরের মাঝখানের পানিতে হঠাৎ তলিয়ে যেতে থাকে নিরব। এ সময় ছেলেকে বাচাঁতে পুকুরে ঝাঁপিয়ে পড়েন দবিয়ার রহমান। কিন্তু সাঁতার না জানায় নিরবের সঙ্গে তিনিও তলিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে নিরবকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ওই পুকুর থেকে মৃত অবস্থায় দবিয়ার রহমানকেও উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃতদের আত্মীয়স্বজনদের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই বাবা ও ছেলের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
এদিকে এভাবে পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনেকেই মরদেহগুলো একনজর দেখার জন্য ওই বাড়িতে ছুটে যান।