পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণে জুলধা এলাকায় পুকুরে ডুবে তিন বোন মারা গেছে। আজ শুক্রবার বিকেল তিনটায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পুকুরে ডুবে মারা যাওয়া তিন বোন হলেন শাহনাজ আক্তার (১৫), নার্গিস আক্তার (৮) ও নাজমা আক্তার (৫)। পুলিশ আজ বিকেলেই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে। তিনজনই স্থানীয় কৃষক আইয়ুব আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে একজন গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারের জন্য আরও দুই বোন পুকুরে নামলে তারাও ডুবে মারা যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, পুকুরটি নতুন করে খোঁড়া হয়েছে। এ কারণে গভীরতা বেশি। এ ছাড়া পুকুরের পাড়ও খাঁড়া। এক বোন গোসল করতে নেমে আর উঠতে পারেনি। তাকে উদ্ধারের জন্য বাকি দুজন পুকুরে নামে। তারাও ডুবে গিয়ে মারা যায়।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘তিন বোন ডুবে যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজন পুকুরে নামে। এরপর তিনজনের মৃত দেহ উদ্ধার করে আমাদের খবর দেওয়া হয়। আমরা লাশ তিনটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।’