পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের কোর্ট হড়গ্রাম এলাকায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো কুরাইশ (৪), বৈশাখী (৪) ও মাইশা (৫)। গতকাল মঙ্গলবার তাদের মৃত্যু হয়।
রাজশাহী শহরের হড়গ্রাম পূর্বপাড়া এলাকার আবু সাইদের ছেলে কুরাইশ এবং জহুরুলের মেয়ে বৈশাখী গতকাল দুপুরে বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলা করছিল। এক সময় তারা পুকুরে পড়ে যায়। বেলা দুইটার দিকে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে উল্লাপাড়ার বড়লক্ষ্মীপুর গ্রামের মমিন তালুকদারের মেয়ে মাইশা গতকাল দুপুরে পুকুরে ডুবে মারা যায়। তার পরিবার জানায়, মাইশা সবার অলক্ষ্যে একা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পড়ে বাড়ির লোকজনের খোঁজাখুঁজির সময় তার লাশ ভেসে ওঠে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ঘটনা নিশ্চিত করেন।