পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (সাবেক দাঙ্গা পুলিশ) পুকুরে গোসল করতে নেমে গতকাল শুক্রবার তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে পুলিশের সাতজন শিক্ষানবিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন।মারা যাওয়া শিশুরা হলো সিয়াম (৬), ইমরান (১০) ও তার ভাই সাগর (৭)। অসুস্থদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের ধারণা, পানিতে বিষাক্ত কোনো পদার্থ ছিল। তবে বিষয়টি নিশ্চিত করেননি ঢাকা মেডিকেলের চিকিৎসক।ঢাকা মেডিকেলে ভর্তি করা শিক্ষানবিশ পুলিশ সদস্যরা (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) হলেন শরীয়তউল্লাহ, মো. ফারুক, ওসমান গণি, ফজলুল হক ও আমিনুল ইসলাম। রাজারবাগ হাসপাতালে ভর্তি করা দুজনের নাম জানানো হয়নি। কাফরুল থানার পুলিশ জানায়, সাগর ও ইমরানের বাবা নাসিরউদ্দিন পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পাচক। সিয়ামের বাবা পিওএমের গাড়িচালক (কনস্টেবল)। পানিতে বিষাক্ত পদার্থ ছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার পুলিশ কোনো মন্তব্য করেনি।মিরপুর ১৪ নম্বরে ডিএমপির পিওএমের ব্যারাক, প্রশিক্ষণকেন্দ্র, অফিস ও আবাসিক এলাকাসহ অনেক স্থাপনা রয়েছে।ঢাকা মেডিকেলে ভর্তি শিক্ষানবিশ কনস্টেবল আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনিসহ নতুন নিয়োগ পাওয়া ৫৯২ জন প্রশিক্ষণ নিতে দুপুরের পর মাঠে জমা হয়েছিলেন। বৃষ্টি শুরু হলে বিকেল সাড়ে চারটার দিকে সবাই পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এ সময় একজন কনস্টেবল পিওএম এলাকার মসজিদ-সংলগ্ন পুকুরে পানিতে ডুবে যাওয়া একটি শিশুকে উদ্ধার করে ওই চালার নিচে আনেন এবং জানান, পুকুরে আরও দুটি বাচ্চা ডুবে যাচ্ছে। তা শুনে তিনিসহ ১০-১২ জন দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দেন। তাঁরা দুটি শিশুকে পুকুর থেকে তুলে আনেন এবং তাদের পেট থেকে পানি বের করার চেষ্টা করেন।আমিনুল আরও জানান, পুকুরে নামা পুলিশ সদস্যরা পুকুর থেকে ওঠার কিছুক্ষণ পর একে একে বমি করা শুরু করেন। বেশি অসুস্থ হয়ে পড়া সদস্যদের সন্ধ্যার দিকে হাসপাতালে আনা হয়।ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক হাফিজুল আলম জানান, অসুস্থদের কারও মধ্যে বিষক্রিয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাঁদের পাকস্থলী পরীক্ষা করেও তেমন কিছু পাওয়া যায়নি। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে, কী কারণে তাঁরা অসুস্থ হয়েছেন।