পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, হিজলায় দুই শিশুর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে গতকাল শুক্রবার পুকুরে ডুবে চার বছরের যমজ বোনের মৃত্যু হয়েছে। একই দিন উপজেলার ছোটমাছুয়া গ্রামে পুকুরে ডুবে আরেক শিশু মারা গেছে। এ ছাড়া বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার জানখালী গ্রামে সকাল আটটার দিকে সৈয়দ আলী হাওলাদারের যমজ মেয়ে ফাতেমা আক্তার ও কুলসুম আক্তার বাড়ির উঠানে খেলা করছিল। তাদের মা তাসলিমা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। শিশু দুটি খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। জানাজা শেষে বিকেলে দুই শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিশুদের বাবা সৈয়দ আলী হাওলাদার বলেন, ‘সকালে কাজে যাওয়ার সময় দুই বোনকে বাড়ির উঠানে নলকূপের কাছে খেলা করতে দেখেছিলাম। এক ঘণ্টা পর মেয়েদের পানিতে ডুবে মৃত্যুর খবর পাই।’
এদিকে, মঠবাড়িয়ার ছোটমাছুয়া গ্রামে গতকাল দুপুরে পুকুরে ডুবে মো. ইয়াসিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়াসিন উপজেলার তুষখালী ইউনিয়নের ছোটমাছুয়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।
হাসপাতাল ও পারিবার সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইয়াসিন পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সন্তোষ কুমারনাথ বলেন, বেলা একটার দিকে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর মিয়ারচর এলাকায় দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি ট্রলারে ছিলেন উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগের চর গ্রামের লিটন সর্দার ও তাঁর স্ত্রী, তিন শিশুসন্তানসহ পরিবারের নয় সদস্য। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার জন্য তিনি পরিবারের সদস্যদের নিয়ে ট্রলারে করে উপজেলার হরিনাথপুর লঞ্চঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রলার সেটিকে ধাক্কা দিলে সবাই পানিতে পড়ে যান। এর মধ্যে সাতজন সাঁতরে পাড়ে ওঠেন। তখন খোঁজ পাওয়া যায়নি শিশু সুমাইয়া (১২) ও রিমনের (৩)। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে দুটি ট্রলারের সংঘর্ষের পর ভাইবোন নিখোঁজ হয়। গতকাল মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।