পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই মেয়েশিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের একটি ইটভাটার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কান্দাইল এলাকার সেন্টু মিয়া ও তাঁর ভাই ছোটন মিয়া পরিবারের সদস্যদের নিয়ে এএসবি ব্রিক ফিল্ডে ছাপরা ঘরে থাকেন। তাঁরা ওই ইটভাটার শ্রমিক। গতকাল দুপুরে সেন্টুর মেয়ে সুইটি আক্তার (৫) ও ছোটন মিয়ার মেয়ে বাবুনী (৭) কোনো এক ফাঁকে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর বেলা আড়াইটার দিকে পুকুরে প্রথমে বাবুনীর লাশ পাওয়া যায়। কিছুক্ষণ পর সুইটির লাশও উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই চাচাতো বোন খেলা করতে গিয়ে ইটভাটার পুকুরে ডুবে মারা গেছে।