পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই ভাই হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বড়জোড় গ্রামের সুজন মিয়ার ছেলে রহমত উল্লাহ (৯) ও আশরাফুল ইসলাম (৭)। সুজন মিয়া সপরিবারে ভবানীপুর এলাকার আলমাসের বাড়িতে ভাড়া থাকেন। তিনি সেখানকার একটি রাসায়নিক কারখানায় চাকরি করেন।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলে রাব্বী বলেন, দুপুর আড়াইটার দিকে ওই দুই শিশু বাড়ির কাছে খেলতে গিয়ে নিখোঁজ হয়। বিকেলেও তারা বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশের সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। বিকেল চারটার দিকে স্থানীয় পিন্টুর পুকুরপাড় থেকে ওই দুই শিশুর জামা-কাপড় পেয়ে পাশের এক শিশু নিহতদের মায়ের কাছে দেয়। এতে তাঁদের সন্দেহ হয়, তাঁরা ওই পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে। পরে তাদের স্বজন ও এলাকাবাসী বিকেলে পুকুরের পানিতে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যার পর এলাকাবাসী পুকুরে ওই দুই শিশুর মরদেহ খুঁজে পায়। পরে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।