পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দুজন হলো ফরহাদ মিয়া (১০) ও তার ভাই আরহাদ মিয়া (৮)। তারা উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের বাসিন্দা মো. মামুন মিয়ার ছেলে। মামুন টাঙ্গাইল শহরে ব্যবসা করেন।
শিশু দুটির মা ফাতেমা বেগম জানান, তাঁরা ঈদ উপলক্ষে টাঙ্গাইল থেকে নান্দাইল উপজেলার কালীগঞ্জে যান। আজ তিনি তাঁর বাবা এখলাছ মিয়ার বাড়ি মুশুলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বেড়াতে যান। দুপুরে সবার অজান্তে গোসল করতে ফরহাদ ও আরহাদ পুকুরে নামে। দুপুরের খাবারের সময় পেরিয়ে যাওয়ায় তিনি সন্তানদের খোঁজে বের হন। পরে পুকুর পাড়ে গিয়ে কাউকে না পেয়ে বাড়ি ফিরে এসে সন্তানদের খোঁজ করতে থাকেন।
ফাতেমা আরও বলেন, একপর্যায়ে সন্দেহ করে পুকুর ঘাটে নেমে ফরহাদকে মৃত অবস্থায় পান। পরে তাঁর চিত্কারে বাড়ির লোকজন পুকুরে নেমে আরহাদের মৃতদেহ উদ্ধার করে।