পুকুরে ডুবে প্রাণ গেল তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামে একটি পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো মনির আহমদের ছেলে মোহাম্মদ মামুন (১০) ও ফরিদ আলমের মেয়ে সুমাইয়া আকতার (৮)। দুজনই স্থানীয় আহমদিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত। তাদের পরিবার উপজেলার কচুখাইন গ্রামের গণিমিয়া হাটের কাছে একটি কলোনিতে থাকে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে এসে মামুন ও সুমাইয়া কলোনির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে গোসল করে না ফিরলে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। পরে স্থানীয় লোকজন বিকেল চারটার দিকে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, দুই সহপাঠী গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তারা মারা যায়। অভিভাবকেরা কোনো মামলা করবে না মর্মে লিখিত দিয়ে মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।