পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর
পাড়ে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায় এক শিশু। ওই শিশুকে বাঁচাতে পুকুরে নামে আরও দুই শিশু। কিন্তু কেউই বাঁচতে পারেনি। ওরা সবাই পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশুরা হলো ধল গ্রামের আমির উদ্দিনের মেয়ে হেফজু আক্তার (৫), একই গ্রামের আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহিদ মিয়ার ছেলে জীবন (৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ধল গ্রামের তিন-চারটি শিশু গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে একটি মসজিদের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। এ সময় একটি শিশু পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পুকুরে নামে আরও দুই শিশু। কেউ সাঁতার না জানার কারণে একে একে তিনজনই ডুবে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা মোতাব্বির (৫) নামে অপর এক শিশু দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। কিন্তু তার ওই কথায় কেউ গুরুত্ব দেননি। এরপর দুপুর ১২টার দিকে জীবনের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে। এ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন পুকুরে নেমে একে একে আরও দুই শিশু হেফজু আক্তার ও রুমার লাশ উদ্ধার করেন।