পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুটি মেয়েশিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ওই গ্রামের রকি মণ্ডলের মেয়ে রিয়া বেগম (৫) ও সবুজ হোসেনের মেয়ে সীমা বেগম (৫)।
পাঁচবিবি থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে শিশু দুটির মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা লাশ দুটি উদ্ধার করেন।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তার হোসেন আজ বিকেলে মুঠোফোনে জানান, ঢাকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল ওই দুই শিশু। একপর্যায়ে তারা স্কুল-সংলগ্ন পুকুরের পানিতে নেমে পড়লে স্থানীয় লোকজন তাদের তুলে নেয়। পরে ওই দুই শিশু সবার অজান্তে আবার পুকুরে নামে। পরে তারা ডুবে মারা যায়। রিয়া ও সীমা ওই স্কুলেই শিশু শ্রেণিতে লেখাপড়া করত।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খেলতে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।