পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় ও কলেজছাত্রের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পুকুরে ডুবে গতকাল মঙ্গলবার এক শিক্ষার্থী মারা গেছেন। একই দিন গাজীপুর সদর উপজেলার একটি পিকনিক স্পটের পুকুরে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারা যাওয়া শিক্ষার্থীর নাম জামিলুর রহমান (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য ছিলেন। তিনি ঢাকার মিরপুরের মাজার রোডে থাকতেন। জামিলুরের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। বাবার নাম সিদ্দিকুর রহমান।
জামিলুরের বন্ধুরা জানান, গতকাল বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবের পাশের পুকুরে ১০-১২ জন বন্ধুর সঙ্গে গোসল করতে নামেন জামিলুর। এক ঘণ্টার বেশি সময় ধরে গোসল করেন সবাই। বিকেল সাড়ে চারটার দিকে জামিলুরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন অন্যরা। না পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, সহপাঠী ও কর্মচারী বিকেল সাড়ে পাঁচটার দিকে পুকুর থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। জামিলুরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। এ সময় তাঁর সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। রাত আটটার দিকে জামিলুরের বড় ভাই জোসেফ জামিল ক্যাম্পাসে আসেন।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মোজাম্মেল হক বলেন, রাত সাড়ে নয়টার দিকে শিক্ষক-কর্মকর্তা ক্লাব-সংলগ্ন টেনিস কোর্টে জামিলুরের জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ডগরী এলাকার নির্মাণাধীন একটি পিকনিক স্পটের পুকুরের পানিতে ডুবে গতকাল বিকেলে মারা যান রিফাত হোসেন (২০)। তিনি গাজীপুরে উত্তর ছায়াবীথি এলাকার সৈয়দ রফিক উদ্দিনের ছেলে। পড়তেন গাজীপুর রয়েল ইনস্টিটিউট কলেজে দ্বিতীয় বর্ষে।
জয়দেবপুর থানার এসআই মো. সাদেকুজ্জামান বলেন, রিফাত তাঁর কয়েক বন্ধুর সঙ্গে ওই পিকনিক স্পটে যান। প্রথমে তাঁর বন্ধুরা গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নামলে গভীর পানিতে তলিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।