পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদের দিঘিতে এ ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রের নাম নূর আলী আহমেদ সেজান (২৫)। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি জয়পুরহাট জেলা শহরের সবুজনগর এলাকার মো. আনসার আলী মণ্ডলের ছেলে।
পুলিশ ও সেজানের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেজান ও তাঁর পাঁচ সহপাঠী বৃহস্পতিবার কুয়াকাটায় বেড়াতে আসেন। হান্নান আজাদ আবীর নামে তাঁদের এক বন্ধুর বাড়ি গলাচিপা শহরে। আজ শুক্রবার সেজানসহ তাঁর পাঁচ বন্ধুকে গলাচিপায় নিজের বাড়িতে বেড়াতে নিয়ে আসেন আবীর। বিকেল তিনটার দিকে ছয় বন্ধু মিলে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যান। সেজান সাঁতার জানতেন না। একপর্যায়ে পুকুরে ডুবে যান তিনি। এ সময় অন্য বন্ধুরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সেজানকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেজানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।