পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় আজ মঙ্গলবার পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম জামিলুর রহমান (২২)। তিনি প্রত্নতত্ত্ব বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র ছিলেন।

জামিলুরের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা। ঢাকার মিরপুরে বড় ভাইয়ের সঙ্গে তিনি থাকতেন। তিনি ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য ছিলেন।

জামিলুরের বন্ধুরা জানান, আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাব পুকুরে ১০-১২ জন বন্ধুর সঙ্গে গোসল করতে নামেন জামিলুর রহমান। প্রায় এক ঘণ্টার বেশি সময় গোসল করেন সবাই। বিকেল সাড়ে চারটার দিকে জামিলুরকে দেখতে না পেয়ে তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন বন্ধুরা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেওয়া হয়। এরপর কয়েকজন শিক্ষক, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় অফিস কর্মীরা পুকুর থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর লাশ উদ্ধার করেন।
এরপর তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা।