ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদ ‘বায়তুল আমান’ সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে আজ শনিবার বিকেলে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। তাবলিগ জামাতের সঙ্গে আসা পাকিস্তানি বংশোদ্ভূত ওই ব্রিটিশ নাগরিকের নাম মাওলানা আতিফ মোহাম্মদ (২৮)। তাঁর পাসপোর্ট নম্বর-৪৬১১২২৯৭৩।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে আতিফ মোহাম্মদ ও তাঁর দুই বন্ধু পুকুরে গোসল করতে নামেন। এক সময় তাঁকে দেখতে না পেয়ে তাঁর দুই সঙ্গী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা বিষয়টি মসজিদের আশপাশের লোকজন ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের জানান। তাঁরা ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর ডুবুরিরা আতিফকে উদ্ধার বরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বিকেল সোয়া চারটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক আতিফ মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনের অনুমতি পেলে ময়নাতদন্ত করে মরদেহ দূতাবাসে হস্তান্তর করা হবে।
গতকাল শুক্রবার সকালে ঢাকার কাকরাইল থেকে ১৩ সদস্যের একটি তাবলিগ জামাতের দল বায়তুল আমান জামে মসজিদে যায়। দলের সদস্যদের মধ্যে চারজন বাংলাদেশির সঙ্গে আতিফসহ পাঁচজন ব্রিটিশ ও চারজন অস্ট্রেলীয়। এই দলটি ২ সেপ্টেম্বর বাংলাদেশ এসেছে বলে জানা গেছে। আতিফ মোহাম্মদের মৃত্যুর ঘটনায় তাবলিগ জামাত দলটির আমির ও ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক মো. হাবিবুর রহমান কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।