পুকুরে ডুবে মারা গেছে দুই সহোদর
রাজশাহীর চারঘাটে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার মোক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো মিজানুর রহমান (৫) ও মাহামুদুল ইসলাম (৭)। তারা সারদা পুলিশ একাডেমিতে কর্মরত সহকারী উপপরিদর্শক তারা মিয়ার সন্তান। তারা মিয়ার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা মিয়া দীর্ঘদিন ধরে সারদায় পুলিশ একাডেমির পাশে মোক্তারপুর এলাকায় থাকেন। গতকাল দুপুরে তিনি ও তাঁর স্ত্রী চারঘাট উপজেলার বাজারে গিয়েছিলেন। এ সময় তাঁদের সন্তানেরা বাসার পাশে খেলা করছিল। বেলা একটার দিকে একজন প্রতিবেশী বাড়ির পাশের পুকুরে মিজানুরকে ভাসতে দেখেন। স্থানীয় লোকজন মিজানুরকে উদ্ধার করতে গিয়ে মাহামুদুলকেও পুকুরে পেয়ে যান। ধারণা করা হচ্ছে, ছোট ভাইকে পানিতে ডুবতে দেখে তাকে বাঁচাতে গিয়েছিল বড় ভাই।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু মিজানুর ও মাহামুদুলকে মৃত ঘোষণা করেন।