পুকুরে ডুবে মেডিকেল-ছাত্রের মৃত্যু

নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পুকুরে ডুবে এহছান আনোয়ার ওরফে আবেদ (২০) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
এহছান আনোয়ার ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোটবী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি ওই মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, সকালে এহছানসহ কয়েকজন শিক্ষার্থী কলেজের সামনের মাঠে ফুটবল খেলতে যান। খেলার একপর্যায়ে বলটি মাঠের পাশের পুকুরে পড়ে যায়। এহছান পুকুরে নেমে ফুটবল আনতে যান। কিন্তু সেখান থেকে আর ফিরতে পারছিলেন না। একপর্যায়ে তিনি ডুবে যান।
এহসানের সহপাঠীরা পুকুরে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দু ঘণ্টা পর এহছানকে উদ্ধার করেন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, পানিতে পড়ার প্রায় দুই ঘণ্টা পর এহছানকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাপ্পা গৌতম প্রথম আলোকে বলেন, ফুটবল খেলতে খেলতে হয়তো প্রিন্স ক্লান্ত হয়ে পড়েছিলেন। ফুটবল আনতে গিয়ে সাঁতার কাটার সময় তিনি দুর্বল হয়ে ডুবে গিয়ে থাকতে পারেন।
বাপ্পা গৌতম জানান, এহছানের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। তাঁদের অনুরোধে দুপুরে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।