পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বাবা-মায়ের সঙ্গে পার্কে বেড়াতে এসেছিল শিশুটি। তারপর বাবা-মা ডুবে যান নিজেদের গল্পে। আর বাবা-মায়ের এই অসচেতনতার ফাঁকে পার্কের পুকুরে ডুবে মারা গেছে তিন বছরের পার্থ সরকার নামের এক শিশু। কিশোরগঞ্জ শহরতলির নেহাল গ্রিন পার্কে গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার বাসিন্দা প্রদীপ সরকার ও প্রিয়াংকা দত্তের ছেলে পার্থ। প্রদীপ একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন এবং তাঁর স্ত্রী প্রিয়াংকা একজন পরিবার কল্যাণ সহকারী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরতলির নতুন জেলখানা সড়কের মোল্লাপাড়া এলাকায় নেহাল গ্রিন পার্কে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পার্কের ব্যবস্থাপক খায়রুল আলম ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরি থেকে ছুটি নিয়ে বাবা প্রদীপ ও মা প্রিয়াংকা গতকাল তাঁদের একমাত্র সন্তান পার্থকে গতকাল সকালে পার্কে বেড়াতে নিয়ে আসেন। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে বাবা-মায়ের অলক্ষ্যে পার্থ পার্কের পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটি নজরে পড়লে প্রদীপ দম্পতি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় পার্কের নিরাপত্তাকর্মীরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। এরপর দ্রুত পার্থকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।