পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে আজ শনিবার সকাল ৯টার দিকে পুকুরে ডুবে শিফা আক্তার নামের দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিফার বাবার নাম রেজাউল করিম।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল উদ্দিন শিফার মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। নিহত শিফার চাচা মো. নাছির বলেন, শনিবার সকালে শিফাকে শীতের কাপড় পরিয়ে দেন তার মা। পরে সে হাটাহাটি শুরু করে। হাটতে–হাটতে এক পর্যায়ে শিফা সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে এক প্রতিবেশী শিফাকে পানিতে ভাসতে দেখে সবাইকে জানান। এরপর অচেতন অবস্থায় শিফাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রেশমী বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তথ্য মতে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে পাঁচ শিশু। সবার বয়স তিন বছরের মধ্যে।