পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম আবির ভূঁইয়া (৩)। সে একই গ্রামের মো. ইউসুফ ভূঁইয়ার ছেলে।

আবিরের চাচা মো. বিল্লাল হোসেন ভূঁইয়া বলেন, সকাল থেকেই বাড়ির পাশে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আবির। খেলার সময় পায়ে কাদা লাগলে সে পা পরিষ্কার করার জন্য পাশের পুকুরে নামে। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা তার চাচাতো ভাই ওমর ভূঁইয়া তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে তলিয়ে যায়। পরে সেখানে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন গিয়ে দুজনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক শিশু আবিরকে মৃত ঘোষণা করেন। তবে শিশু ওমর এখন শঙ্কামুক্ত।

মোগড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুম মিয়া বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।