পুকুরে পুষ্টির চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছটি বলতে গেলে উপেক্ষিতই ছিল এ অঞ্চলে। এই মাছই এখন পুষ্টির হাতিয়ার। চাষ হচ্ছে পুকুরে। একধরনের জাল দিয়ে নারীরাই এটা ধরতে পারেন। মাছটির নাম মলা। কথাগুলো বলছিলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের গীতা রানী নিত্তির (৫২)।

শুধু মাধবপাশা নয়, পাশের আরও কয়েকটি গ্রামে মলা মাছের চাষ হচ্ছে। সেই সূত্রে মাধবপাশা, বীরপাশা, সিংহেরকাঠি, রামপট্টি—এই চারটি গ্রামকে পুষ্টি গ্রাম ঘোষণা করেছে আন্তর্জাতিক মৎস্য গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ফিশ।

বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী ও ঝালকাঠির নলছিটি উপজেলায় এ রকম ১৮টি পুষ্টি গ্রাম আছে সংস্থাটির। আর বরিশাল বিভাগের পাঁচ জেলায় মলা মাছের চাষ হচ্ছে এমন পুকুরের সংখ্যা ৩৫ হাজার।

মাধবপাশার পাশের গ্রাম বাড়ৈখালী। এই গ্রামের গৃহিণী সান্ত্বনা রানী বলেন, ‘মলা মাছের মাথা তিতা লাগত বলে আগে কুটার সময় এটা ফেলে দিতাম। পরে যখন জানতে পারি ৫৩ ভাগ ভিটামিনই থাকে মলার মাথায়, এখন মাথাসহ মলা মাছ বিভিন্নভাবে রান্না করি।’

গ্রামের কয়েকজন নারী বলেন, আগে বাড়ির পুকুরে মাছ ধরতে হলে পুরুষদের লাগত। এখন লাগে না। বিশেষ একধরনের জাল ব্যবহার করছেন তাঁরা। এই জাল পেতে রাখলেই আটকা পড়ে রুপালি মলা। জালের নাম গিলনেট।

মলা মাছ বিশেষভাবে ভিটামিন ‘এ’র অভাব পূরণে খুবই কার্যকর। আন্তর্জাতিক মৎস্য গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ফিশ সেন্টারের গবেষক শকুন্তলা হারাকসিং থিলস্টেড তাঁর এক গবেষণাপত্রে উল্লেখ করেছেন, স্বল্প ব্যয়ে মলা মাছ চাষ করে ভিটামিন ‘এ’র চাহিদা মেটানো সম্ভব।

২০১২ সালে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল ও ঝালকাঠি—এই পাঁচ জেলায় মাছের চাষ সম্প্রসারণে কাজ শুরু করে ওয়ার্ল্ড ফিশ। ইউএসএআইডির ইআইএন প্রকল্পের আওতায় সংস্থাটি এ কাজ করলেও প্রকল্পের তালিকায় মলার চাষ অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু পুষ্টিমান বিবেচনা করে প্রথমে বরিশালে মলা মাছ খাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়।

সংস্থাটির বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, মলা মাছ বছরে তিন থেকে চারবার ডিম ছাড়ে। তবে প্রতিদিন মলা মাছ ধরতে হয়। নিয়মিত না ধরলে জীবনচক্র শেষে আপনা থেকেই এ মাছ মরে যায়।

বিশ্ব খাদ্য কর্মসূচির ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন বাংলাদেশ ও খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিটের (এফপিএমইউ) ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রাম: মনিটরিং রিপোর্ট ২০১৬-এর তথ্য অনুযায়ী, দেশে পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশু খর্বকায় ও ১৪ শতাংশ শিশু রোগা-পাতলা (থিন)। আর গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট: ২০১৫ অনুযায়ী, দেশে রক্তশূন্যতায় ভুগছেন ৪৪ শতাংশ নারী। দেশের ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় ৭৭ শতাংশেরই ভিটামিন ‘এ’র ঘাটতি রয়েছে। এই হার ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ। পুষ্টিহীনতার এই চিত্রের বিপরীতে সম্ভাবনা সৃষ্টি করেছে মলা মাছ চাষের সম্প্রসারণ এবং এ মাছ খাওয়ার বিষয়ে প্রান্তিক মানুষের আগ্রহ।

ওয়ার্ল্ড ফিশের নিউট্রিশন অ্যান্ড একুয়াকালচার স্পেশালিস্ট মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, কেবল ভিটামিন ‘এ’ নয়; মলা মাছে জিংক, ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে। এতে রাতকানা রোগ প্রতিরোধের পাশাপাশি অন্যান্য পুষ্টির জোগান আসে।