পুকুরে বাদাম ভাসতে দেখে সন্দেহ হয় মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক শিশু। আজ শনিবার বেলা একটার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম মো. মোরসালেহিন। সে ওই গ্রামের কৃষক মো. আছরউদ্দিনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে মোরসালেহিন ছোট।

রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির জানান, বেলা একটার দিকে শিশুটিকে তার মা মর্জিনা বেগম বাদাম খেতে দিয়ে বাড়ির পাশে ছাগল বাঁধতে যান। ফিরে এসে তিনি শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে বাদাম ভাসতে দেখেন তিনি। এতে মায়ের সন্দেহ হলে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ওই পুকুরটির গভীরতা ২৫-৩০ ফুট। কোনো মানুষের পক্ষে ওই পুকুরে ডুব দিয়ে কিছু উদ্ধার করা সম্ভব ছিল না। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সোয়া দুইটার দিকে শিশুটির লাশ উদ্ধার করে।