পুকুরে বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলেসহ নিহত ৪
ভোলার দৌলতখান উপজেলায় পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই বাড়ির চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মুন্সি বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুফিয়া (৪৫), তাঁর ছেলে রহমতুল্লাহ (১২), একই বাড়ির আবুল কালামের মেয়ে সুইটি (১৩) ও আবদুল মালেকের ছেলে ফয়েজ (১৯)। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা বলেন, বিকেলে রহমতুল্লাহ ও সুইটি তাদের বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়লে রহমতুল্লাহ ও সুইটি তারে জড়িয়ে পড়ে। তাদের এ অবস্থা দেখে রহমতুল্লাহর মা সুফিয়া ও ফয়েজ তাদের বাঁচাতে গেলে তাঁরাও তারে জড়িয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’