পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি গ্রামে পুকুরে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কাজলদীঘি গ্রামের আবদুল মান্নানের ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. মামুন (১১) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র সেরাজুল হক (৯) বাড়ির পাশের কাজলদীঘিতে গোসল করতে নামে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের ওই পুকুর থেকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মৎস্যজীবী সমিতি ইজারা নিয়ে কাজলদীঘিতে মাছ চাষ করছে। ওই সমিতি পুকুরের চারদিকে বাঁশের খুঁটিতে বৈদ্যুতিক তার ঝুলিয়ে আলোর ব্যবস্থা করেছে। কোনো কারণে তার পুকুরের পানিতে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।পঞ্চগড় সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, মামুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে। সেরাজুলের চিকিৎসা চলছে।