পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় দুর্বৃত্তরা বিষ দিয়ে দুটি পুকুরের মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারার বারিগ্রামের মৎস্যচাষি রেজাউল করিম স্থানীয় একটি পুকুর ইজারা নিয়ে মাছের চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ দেয়। শনিবার সকালে পুকুরটিতে গিয়ে মরা মাছ ভাসতে দেখেন রেজাউল। পরে তিনি উপজেলা মৎস্য কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। রেজাউল দাবি করেন, এতে তাঁর কমপক্ষে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা সদরের ডাকবাংলা মাঠসংলগ্ন একটি পুকুর ইজারা নিয়ে মাছের চাষ করে আসছিলেন মোর্শেদ আলম নামের এক স্থানীয় তরুণ। শনিবার সকালে পুকুরে মরা মাছ ভাসতে দেখে মোর্শেদ বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশকে জানান। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। শামীম উদ্দিন বলেন, বিষ দেওয়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। অন্য কোনো কারণেও মাছগুলো মারা যেতে পারে।