পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ দিয়ে অন্তত ২৫ লাখ টাকার মাছ নিধন করেছে। গত রোববার রাতে উপজেলার ভৈরব হাজি আসমত কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, ভৈরব হাজি আসমত কলেজের মাঠের সঙ্গে একটি পুকুর আছে। এর আয়তন সাত একর। পৌর শহরের গাছতলাঘাট মহল্লার আবুল মিয়া ও আবদুল্লাহ আল বাকী পুকুরটি ইজারা নেন। পরে তাঁরা সেখানে মৎস্য খামার গড়ে তোলেন। দুমাস আগে তাঁরা খামারের পুকুরে ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন। সোমবার ভোরে খামারের প্রায় সব মাছ মরে ভেসে ওঠে। খামারের মালিক আবুল মিয়া জানান, কলেজের কাছ থেকে পুকুরটি ইজারা নেওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাঁদের বিরোধ হয়। পুকুরে বিষ দেওয়ার সঙ্গে ওই ব্যক্তি জড়িত থাকতে পারে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। তিনি দাবি করেন, মাছগুলো মরে যাওয়ায় তাঁদের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভৈরব থানার ওসি সরাফত উল্লাহ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।