পুকুরে ভাঙন, ঝুঁকির মুখে গুচ্ছগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে কয়েক দিনের বৃষ্টিতে একটি পুকুরের ভাঙনে হুমকিতে পড়েছে কুশদহ ইউনিয়নের উত্তর শাহাবাজপুর গুচ্ছগ্রাম। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গুচ্ছগ্রামে পুনর্বাসিত ৩০টি পরিবার।
সরেজমিনে গত মঙ্গলবার দুপুরে দেখা গেছে, গুচ্ছগ্রামের পূর্ব দিকে রয়েছে প্রায় দেড় একর আয়তনের একটি খাসপুকুর। সেটির দক্ষিণ ও পশ্চিম দিকের পাড়ে ভাঙন প্রকট আকার ধারণ করে গুচ্ছগ্রামে ঢুকে পড়েছে। এতে দুটি ঘরের
মেঝের মাটি সরে যাওয়ায় সেখানকার বাসিন্দারা অন্যত্র সরে গেছে।
গ্রামের বাসিন্দা অঞ্জনা রানী বলেন, ‘এনা বৃষ্টি হলেই পুকুরের পাড় ভাঙে বড় বড় গর্ত হচে। দিন দিন গর্তগুলা ঘরের ভিতরত আওছে।’ আরেক বাসিন্দা কাজলী রানী বলেন, ‘এখন বৃষ্টি আলে ঘরের মাঝার মাটি সরে যাচে। রাত জাগে হামাক ঘর পাহারা দিবা লাগোছে। ঘর-বাড়ি না থাকায় হারা এটে এনা আশ্রয় পাইছি। এটা থাকা না হলে হারা তো আর কোটেও ঠাঁই পামো না।’
গুচ্ছগ্রামের সভাপতি দুলাল চন্দ্র বলেন, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, তাতে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে গুচ্ছগ্রামটি বিলীন হয়ে যাবে। সংলগ্ন পুকুরে ভাঙনের বিষয়টি তিনি ইউএনওকে অবহিত করেছেন বলে জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকার বলেন, ইউএনওর নির্দেশে তিনি গুচ্ছগ্রামটি পরিদর্শন করেছেন। সেখানে ভাঙন প্রতিরোধে দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হলে গুচ্ছগ্রামটি রক্ষা করা যাবে না মর্মে ইউএনওকে অবহিত করেছেন বলে জানান পিআইও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেন বলেন, উত্তর শাহবাজপুর গুচ্ছগ্রাম রক্ষায় শিগগিরই একটি প্রকল্প গ্রহণ করা হবে।
স্থানীয় দিনাজপুর–৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মারফত জেনেছেন। গুচ্ছগ্রামটি রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হবে। এখানকার বাসিন্দা অসহায় মানুষগুলোর স্বার্থে শিগগিরই তিনি পর্যাপ্ত আর্থিক বরাদ্দ ও প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন সাসংদ।