
পাকা রাস্তা ছেড়ে মাটির রাস্তা ধরে কিছুদূর যেতেই অনেক মানুষের জটলা। তাদের চোখ একটি পুকুরে। সেখানে ভাসছে সাদা-গোলাপি-নীল রঙের ব্যালট পেপার।
একটু দূরে সেনাবাহিনীর একটি দল এক ব্যক্তিকে পিছমোড়া করে বেঁধে হাঁটুগেড়ে বসিয়ে (নিলডাউন) রেখেছে। তিনি স্থানীয় যুবলীগ কর্মী। গ্রামের লোক সেই দৃশ্য দেখতে দলে দলে সে দিকে ছুটছে।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে এই দৃশ্য দেখা যায়। এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে দুপুরেই।
গতকাল সোনাতলা উপজেলার মোট ৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি ভোটকেন্দ্র ঘুরে জাল ভোট, ককটেল বিস্ফোরণ, ব্যালট ভর্তি বাক্স ছিনতাই ও ভাঙচুর, নির্বাচনী উপকরণ বিনষ্ট, কেন্দ্রে হামলা, নির্বাচনী কর্মকর্তাদের মারধরের তথ্য পাওয়া গেছে।
সকালে ব্যাপক ভোটার উপস্থিতি থাকলেও এসব ঘটনায় ভোটারের সংখ্যা একেবারেই কমে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বিকেল পর্যন্ত পাঁচজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে থানায় হন্তান্তর করা হয়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী এ কে এম আহসানুল তৈয়বের দাবি, ৩৫টি কেন্দ্রে তাঁর এজেন্টদের মারধর করা হয়েছে। জাল ভোট ও হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জিয়াউল করিম এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্রি হয়ে গেছে বিএনপির কাছে। আমার প্রতি অবিচার করা হয়েছে। আমাকে অনেকগুলো কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমার কিছু লোককে গ্রেপ্তারও করা হয়েছে।’

সোনাতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মণ্ডল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গোলযোগপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
পুকুরে ভাসছে ব্যালট: প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী প্রথম দফায় সকাল ১০টার দিকে দক্ষিণ আটকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে সেনাবাহিনী আসে। বেলা দেড়টার পরে সেনাবাহিনী চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১২ থেকে ১৫ জন রামদা, বাঁশের লাঠি নিয়ে এসে আবার কেন্দ্রটিতে হামলা চালায়। তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। কর্তব্যরত পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করেও হামলাকারীদের দমাতে পারেনি। তারা তিনটি ব্যালটভর্তি বাক্স নিয়ে যায়। একটি বাক্স স্কুলের আঙিনাতেই ভেঙে ব্যালটগুলো তছনচ করে। বাকি দুটি বাক্সের ব্যালট পাশের পুকুরের পানিতে ফেলে দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর দলটি ফিরে এসে হামলাকারীদের ধাওয়া দেয়। তারা মো. মমিন নামে যুবলীগের এক কর্মীকে ধরে ফেলে।
বাক্স ভাঙচুর-আতঙ্ক: বেলা একটার দিকে কর্পূর দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পাঁচজন নারী নির্বাচন কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। চোখে মুখে আতঙ্ক। স্কুলের বারান্দায় বেশ কিছু ভাঙা ব্যালট বাক্সের টুকরো পড়ে আছে। কর্মকর্তারা দেখালেন কেন্দ্রের দেয়ালে ককটেল বিস্ফোরণের চিহ্ন। এ অবস্থায় তাঁরা কেউই আর এখানে থাকতে চাইছেন না।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সবুর বলেন, ১০-১৫ জন দুর্বৃত্ত কেন্দ্রে ঢুকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা ব্যালটভর্তি বাক্সগুলো স্কুলের মাঠে নিয়ে ভাঙচুর করে, কিছু ব্যালট ছিঁড়ে ফেলে। কিছু ব্যালট নিয়ে যায়।
বেলা ১১টার দিকে পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার, বাক্সসহ ভোটের সব উপকরণ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বেলা দুইটার দিকে যখন এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে কথা হয়, তখন ভোট নেওয়া বন্ধ ছিল। তিনি জানান, তাঁর কাছে দুটি মাত্র সিল ছাড়া আর কোনো উপকরণই নেই। বেলা সাড়ে তিনটার দিকে নতুন উপকরণ এনে আবার ভোট গ্রহণ শুরু হয়।
হুয়াকুয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকালে হামলা চালিয়ে সব উপকরণ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইউএনও কেন্দ্রে গিয়ে প্রায় দেড় ঘণ্টা পরে অতিরিক্ত ব্যালট সরবরাহ করে আড়াইটার দিকে ভোট নেওয়া শুরু করে। তবে এরপর ভোটার উপস্থিতি তেমন একটা ছিল না।
জাল ভোট, গ্রেপ্তার: দুপুর মহীচরণ উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে গ্রেপ্তার হয়েছেন একজন যুবলীগ নেতা।
পুলিশ জানায়, স্থানীয় যুবলীগ নেতা মিলন হোসেন ও লালন হোসেন নামে দুই ভাইয়ের নেতৃত্বে ১০-১২ জন লাঠি-রামদা নিয়ে কেন্দ্রের ২ নম্বর কক্ষে ঢুকে বেশ কিছু ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ফেলা শুরু করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। টহলরত স্ট্রাইকিং ফোর্সের একটি দল গিয়ে দুর্বৃত্তদের তাড়িয়ে দেয়। গ্রেপ্তার করা হয় মিলনকে।
নির্বাচন কর্মকর্তাকে মারধর: নরদাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই ও আবদুর রশীদ নামের একজন পোলিং কর্মকর্তাকে মারধর করে হামলাকারীরা। আবদুর রশীদের (৫৭) মাথায় আটটি সেলাই দিতে হয়েছে।
ধর্মকূল, কানুপুর, বয়রা, নূরপুর, সুখানপুকুর, চাড়ালকান্দি, দীঘলকান্দি, মধুপুর, রানীপাড়া—এসব এলাকার কেন্দ্রগুলোতে জাল ভোট ও বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিছু সময় ভোট বন্ধ রাখা হয়।