পুকুরে শিশুর লাশ
বগুড়ার আদমদীঘি উপজেলার কদমা গ্রামের একটি পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলতাফ হোসেন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী বলেন, ১২ ফেব্রুয়ারি একটি ক্লিনিকে কদমা গ্রামের রডমিস্ত্রি ইউনুছ আলীর স্ত্রী রাজিয়া বেগমের এক ছেলেসন্তান হয়। শিশুটির নাম রাখা হয় হোসেন। গত মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজিয়া শিশুটিকে ঘরে রেখে বাইরে যান। এ সময় শিশুটি রহস্যজনকভাবে চুরি হয়। ওই দিন বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন গ্রামবাসী। শিশুটির পরিবারের সদস্য ও গ্রামের কয়েকজন মাতবর বলতে থাকেন, শিশুটিকে জিন মেরে ফেলেছে। পুলিশকে না জানিয়ে দাফন করার প্রস্তুতি নিলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের সহযোগিতায় গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম বলেন, আলতাফ হোসেনকে গ্রেপ্তার এবং রাজিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।