পুকুরে স্ত্রীর লাশ, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামে গতকাল সোমবার দুপুরে পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক বলে পুলিশ জানিয়েছে।
নিহত গৃহবধূর নাম তানজিনা বেগম (২৮)। তাঁর স্বামীর নাম সামিনুর রহমান (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের ইউসুফ আলীর ছেলে সামিনুর রহমান সিলেটে পাথর তোলার কাজ করেন। প্রায় ১৫ দিন আগে তিনি বাড়িতে আসেন। তাঁর স্ত্রী তানজিনা বেগম স্থানীয় তিস্তা নদীতে পাথর তোলার কাজ করতেন। গত রোববার সামিনুর সিলেটে ফিরে যাওয়ার কথা বলে স্ত্রীর কাছে তিন হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তানজিনা স্বামীকে স্থানীয় তিস্তা নদীতে পাথরশ্রমিকের কাজ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধড়ক পেটান সামিনুর। রোববার রাতে শাশুড়িকে মুঠোফোনে ফোন করে তানজিনা নিখোঁজ বলে জানান সামিনুর।
তানজিনার মা উপজেলার কাঁকড়া মাস্টারপাড়ার মোমিনা বেওয়া বলেন, ‘রোববার রাত নয়টার দিকে মেয়ে নিখোঁজ হওয়ার কথা জামাইয়ের মোবাইলে শুনে জামাইয়ের বাড়িতে গিয়ে দেখি ঘরে তালা। মেয়ের তিন সন্তান শাবনুর আক্তার (৮), ময়না আক্তার (৬), ইমরান (৩) ও জামাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে জামাইয়ের বাড়ির পাশে পুকুরের পানিতে তানজিনার একটি ওড়না ভাসতে দেখে ডিমলা থানায় খবর দেওয়া হয়।’
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন খানের উপস্থিতিতে জাল ফেলে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। স্বামী সামিনুর তাঁর তিন সন্তানকে নিয়ে পালিয়েছেন। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।